‘চিকিৎসা করতে বলায় পালানোর’ পরদিন মৃত্যু
জামালপুরে জ্বর-শ্বাসকষ্টে ভোগায় চিকিৎসা করতে বলায় ‘বাড়ি থেকে পালিয়ে যাওয়ার’ পরদিন মারা গেছেন ৬৫ বছর বয়সী সাবেক এক ইউপি সদস্য।
রোববার সকালে ইসলামপুরের চরগোবিন্দী গুচ্ছগ্রামে তার মৃত্যু হয়।
প্রয়াত মোজাম্মেল হক মজনু কুলিয়া গ্রামের মফেজ আলী মন্ডলের ছেলে। ডেকোরেটরের ব্যবসায়ী ছিলেন তিনি।
মেলান্দহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুক হক জানান, মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রস্তুতি চলছে।
মোজাম্মেল হক মজনুর ভাতিজা সাংবাদিক রুহুল আমীন রাজু জানান, তার চাচা জ্বর, ঠান্ডা ও শ্বাকষ্টে ভুগছিলেন।
“পরিবারের লোকজন চিকিৎসার জন্য চাপ দিলে গত শনিবার মোজাম্মেল হক মজনু পালিয়ে পার্শ্ববর্তী ইসলামপুরের চরগোবিন্দী গুচ্ছগ্রামে তার ছোট বোন জামাইয়ের বাড়ি যান। সেখানে রোববার সকালে মারা যান তিনি।”
পরে তার ভাগ্নেরা মামার মৃতদেহ নিয়ে কুলিয়া গ্রামে তার বাড়ির পাশে রেখে যান বলে জানান তিনি।
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, গত ২৪ ঘণ্টায় জামালপুরে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৩৪ জনে।
এ জেলায় করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন ১৪১ জন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে জামালপুরে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই নারীসহ ৪ জনের। জামালপুরে এ পর্যন্ত শনাক্তদের মাঝে ২৫ জন চিকিৎসক ও ১৬ জন নার্সসহ ৮৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
