২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ঠাকুরগাঁওয়ে একদিনে ১৭ জন শনাক্ত

ঠাকুরগাঁওয়ে একদিনে এক মেডিকেল টেকনেশিয়ানসহ ১৭ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2020, 10:27 AM

Updated : 08 Apr 2022, 12:51 AM

এ নিয়ে জেলায় শনাক্ত মোট রোগীর সংখ্যা ৮৪ জনে দাঁড়াল বলে বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. মাহফজুর রহমান সরকার জানান।

আক্রান্তদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ নারী; তাদের বয়স ১৭ থেকে ৩৯ বছরের মধ্যে। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ২ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৯ জন, পীরগঞ্জ উপজেলায় ৩ জন, হরিপুর উপজেলায় ২ জন ও রাণীশংকৈল উপজেলায় ১ জন রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহফজুর রহমান বলেন, পীরগঞ্জ উপজেলা কমপ্লেক্সের মেডিকেল টেকনেশিয়ান ‍(৩৫) করোনাভাইরাস নমুনা সংগ্রহের কাজ করতেন। পরে তিনি জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হলে ২৩ মে তার নমুনা সংগ্রহ করা হয়।

সপ্তাহখানেক আগে পীরগঞ্জ উপজেলায় চট্টগ্রাম ও গাজীপুর থেকে দুই যুবক, একই সময়ে নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁও সদরে ‍দুইযুবক এবং ঢাকার সাভার এলাকা থেকে এক মাদ্রাসার শিক্ষক জেলার রাণীশংকৈল উপজেলায় আসেন।

এছাড়া হরিপুর উপজেলায় ঢাকা থেকে একজন যুবক ও নীলফামারী থেকে আরেক যুবক ও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৯ জন ঢাকা ও গাজীপুর থেকে আসেন।

তিনি বলেন “করোনাভাইরাসে নতুন শনাক্ত ১৭ জনকে সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হবে।”

ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ থেকে ফেরা ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিল। ২৩ মে বাড়ি গিয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ১৭ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়।

ঠাকুরগাঁও জেলা থেকে এ পর্যন্ত এক হাজার ৪৫০ জনের নমনু ঢাকা, রংপুর ও দিনাজপুরে পরীক্ষার জন্য পাঠনো হয়েছে। এর মধ্যে এক হাজার ২৪৫ জনের ফলাফল পাওয়া গেছে বলে সিভিল সার্জন জানান।