২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় হাসপাতালে চিকিৎসাধীন কনস্টেবলের ব্যাপক ভাংচুর

গাইবান্ধায় চিকিৎসাধীন এক পুলিশ কনস্টেবল তাণ্ডব চালিয়ে হাসপাতালের বিছানা, অক্সিজেন সিলিন্ডার, জানালা, আসবাবপত্র ও অ্যাম্বুলেন্স ভাংচুর করেছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2020, 07:49 PM

Updated : 10 Oct 2022, 07:12 PM

মঙ্গলবার মধ্যরাতে গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে এ ঘটনার পর সকালে তাকে থানায় আটক নিয়ে যাওয়া হয় বলে জানায় পুলিশ।

অভিযুক্ত সাইফুল ইসলাম ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কনস্টেবল হিসেবে কর্মরত। দিনাজপুরের ঘোড়াঘাটের আমির আলীর ছেলে তিনি।

পরে থানা থেকে অভিযুক্ত সাইফুলের স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে মানসিক অসুস্থতার লক্ষণ নিয়ে সাইফুল ইসলামকে সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে তার শ্বশুরবাড়ির লোকজন হাত-পা বেঁধে হাসপাতালে নিয়ে আসেন।

“তাকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তিনি ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘুম থেকে উঠে তিনি নার্স ও চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে হাসপাতালের বিছানা, অক্সিজেন সিলিন্ডার, জানালার গ্লাস ও জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুর করেন।” এছাড়া হাসপাতালের সামনে পার্কিং করা ছয়টি অ্যাম্বুলেন্সও ভাঙচুর করেন বলে জানান তিনি।

এরপর ঘটনাটি গাইবান্ধা সদর থানায় জানানো হয় এবং  সাইফুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহারিয়া বলেন, অভিযুক্ত সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসার পর তার স্বজনরা উপস্থিত হন। স্বজনরা ভাংচুর করা জিনিসপত্রের ক্ষতিপুরণ দেবেন শর্তে তাকে উন্নত চিকিৎসার দেওয়ার জন্য নিয়ে যান।