২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জরাক্রান্ত নারী শ্রমিকের মৃত্যু, বাড়ি অবরুদ্ধ

খাগড়াছড়ির মানিকছড়িতে করোনাভাইরাসের উপর্সগ নিয়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর পর তার বাড়ি অবরুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2020, 03:55 PM

Updated : 18 Aug 2022, 03:05 PM

২৩ বছর বয়সী ওই নারী মঙ্গলবার বিকালে ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার নিজ বাড়িতে মারা যান।চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন তিনি। জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে ওই নারী পোশাক শ্রমিক চট্টগ্রাম থেকে মানিকছড়িতে আসেন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা বলেন, মারা যাওয়া ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ওই নারীর বাড়ি অবরুদ্ধ করা হয়েছে এবং আশপাশের কয়েকটি পরিবারকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে মানিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ জানান।

ইউএনও বলেন, রাতেই ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবী দল স্বাস্থ্যবিধি অনুসরণ করে ওই নারী পোশাক শ্রমিকের লাশ দাফন করেন।

এদিকে খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জেলায় আক্রান্তের সংখ্য ৩০ জনে দাঁড়িয়েছে বলে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে এক পুলিশ সদস্যসহ ৪ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। আর নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন নারী, ও ১২ বছরের এক শিশু রয়েছে। এ নিয়ে জেলার ৯টি উপজেলার মধ্যে মোট ৭ উপজেলায় করোনা শনাক্ত হল।

নতুন আক্রান্তদের মধ্যে দীঘিনালা ১ জন, খাগড়াছড়ি সদর ৩ জন, মহালছড়ি ৩ জন, মাটিরাঙ্গায় ১ জন ও পানছড়িতে ১ জন রয়েছে। তাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশানা দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।