শার্শায় ১০ টাকার ‘চাল কম দেওয়ায়’ ডিলারশিপ স্থগিত
যশোরের শার্শায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের চাল মাপে কম দেওয়ার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় উপজেলা সদর ইউনিয়নের ডিলার সাহেব আলীর ডিলারশিপ স্থগিত করা হয়েছে। পরে অধিকতর তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
“মঙ্গলবার সাহেব আলী ৫৫ জন কার্ডধারীর মধ্যে চাল বিক্রি করেন। এর মধ্যে স্বরুপদাহ গ্রামের কার্ডধারী নুরজাহান অসুস্থ থাকায় তার মা মাজেদা বেগম ৩০০ টাকা দিয়ে ৩০ কেজি চাল কেনার পর ওজন নিয়ে সন্দেহ হয়। এ সময় তিনি বাইরের একটি দোকানে গিয়ে চালের বস্তাসহ ওজন করে দেখেন সেখানে ২৮.১৪৫ কেজি চাল রয়েছে।একই ভাবে আরেক কার্ডধারী শুকুর আলীও চাল পরিমাপ করে দেখেন ত্রিশ কেজির জায়গায় ২৮.১৫৫ কেজি চাল দেওয়া হয়েছে।”
পরে তারা দুজন মৌখিক অভিযোগ দিলে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয় বলে জানান ইউএনও।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাহেব আলী বলেন, খাদ্য গুদাম থেকে ৫১৮টি কার্ডের জন্য ১৫ হাজার ৫৪০ কেজি চাল দেওয়ার কথা। কিন্তু ৭০০ গ্রাম বস্তার ওজনসহ গড়ে ৪৯.৪৫০ কেজি করে ৩১০ বস্তা চাল দেওয়া হয়। যেখানে প্রায় সাড়ে ৪০০ কেজি চাল কম হওয়ায় আমি হিসাব করে কিছু পরিমাণ চাল কম দিয়েছি। হিসাব করে পরে অতিরিক্ত চাল দেওয়ার কথা থাকলেও তা আজও আমি পাইনি।”
