২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুরো বেতনের দাবি

গাজীপুরে দুইটি পোশাক কারখানার শ্রমিকরা এপ্রিল মাসের পূর্ণ বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2020, 01:15 PM

Updated : 10 Oct 2022, 07:11 PM

টঙ্গীর তিলারগাতি এলাকার ‘ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড’ ও শহরের বড়বাড়ি এলাকার ‘ইন্টার ফ্যাব ম্যানুফেকচারিং লিমিটেড’ কারখানার শ্রমিকরা বুধবার সকাল থেকে এ বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট কারখানার শ্রমিক নুরুজ্জামান বলেন,“কারখানা কর্তৃপক্ষ ১৬ মে এপ্রিল মাসের মূল বেতনের ৬০ শতাংশের কম বেতন পরিশোধ করেছেন। এখন তারা ঈদ বোনাসের  ৫০ শতাংশ না দিয়ে ২৫ শতাংশ দিতে চাচ্ছে।”

মঙ্গলবারও তারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেসিক বেতনের ৫০ শতাংশ বোনাস পরিশোধের দাবি জানানো হয়েছিল বলে জানান নরুজ্জামান। 

আরেক শ্রমিক শাহানাজ বেগম বলেন, “বুধবার সকালে কারখানায় কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা প্রধান ফটকে তালা দেখে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে আরবার বিক্ষোভ শুরু করে। তবে এ সময় কারখানার কোন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।”

এ বিষয়ে গাজীপুর মহানগর (টঙ্গী জোন) পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা বলেন, “ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট কারখানার শ্রমিকরা ঈদ বোনাস ও এপ্রিলের বেসিকের ৬০ শতাংশ বেতন পরিশোধের দাবিতে বুধবার সকালে কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা পাশে থাকা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে রাস্তার দুই দিকে কয়েক কিলোমিটার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।”

পরে বেলা ১২ টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান তিনি।

এ পুলিশ কর্মকর্তা বলেন, “একই দাবিতে ইন্টার ফ্যাব ম্যানুফেকচারিং কারখানার শ্রমিকরাও বিক্ষোভ করছে। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ তৈরি করে।”