২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মে মাসের বেতন দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে ইভেন্স গ্রুপের তিনটি পোশাক কারখানায় শ্রমিকরা মে মাসের বেতন ও পূর্ণ ঈদ বোনাসের দাবিতে ‘ভাংচুর’ করার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2020, 07:34 PM

Updated : 10 Oct 2022, 07:11 PM

সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মঙ্গলবার শ্রমিকরা এই বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইভেন্স গ্রুপের তিনটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক পূর্ণ ঈদ বোনাস, বেসিকের সমান, দাবিতে কাজ পরিত্যাগ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

“একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা রাস্তায় গাড়ি ভাংচুরের চেষ্টা করেন এবং পুলিশ গেলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকে। তখন পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু শ্রমিকরা রাস্তা থেকে সরেনি।”

ইভেন্স গ্রুপের তিনটি কারখানা হল ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেড, ইভিটেক্স ফ্যাশন ও ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড।

এভিটেক্স অ্যাপারেলসের হিমা নাম একজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে ঈদ। কারখানা কর্তৃপক্ষ মে মাসের বেতন ও পূর্ণ ঈদ বোনাস না দিয়ে ঈদের ছুটি দেবে এমন খবর পেয়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন। পরে শ্রমিকরা দাবি আদায়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।”

কারখানা কর্তৃপক্ষ স্বীকার করেছে, তারা ঈদ বোনাস মূল বেতনের অর্ধেক ও মে মাসের বেতন জুনের শুরুতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এভিটেক্স অ্যাপারেলসের জিএম মো. মনির হোসেন বলেন, ঈদ বোনাস মূল বেতনের অর্ধেক ও মে মাসের বেতন জুনের শুরুতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বোনাসের বাকি অর্ধেক বছরের অন্য সময়ে সমন্বয় করে দেওয়া হবে বলে শ্রমিকদের জানান তারা।

“প্রথমে এ দাবি শ্রমিকরা মানলেও দুপুরে তারা আবার ঈদ বোনাস মূল বেতনের সমান দাবি করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার ভাংচুর করে মহাসড়কে অবস্থান নেন।”

বাঘের বাজার এলাকায় তাদের ইভিটেক্স অ্যাপারেলসে দুই হাজার ৪০০, ইভিটেক্স ফ্যাশনে সাড়ে ৬০০ এবং ইভিটেক্স ড্রেস শার্ট কারখানায় প্রায় এক হাজার শ্রমিক রয়েছে বলে তিনি জানান।