নতুন করোনাভাইরাস: প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা
প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। চিকিৎসক, শিক্ষক, পুলিশসহ শ্রেণি-পেশা নির্বিশেষে মানুষ ভয়ঙ্কর এই ভাইরাসে সংক্রমিত হচ্ছে। এদের মধ্যে অনেকেই মারা যাচ্ছে। কেউ কেউ সুস্থও হচ্ছে।
দেশে সর্বশেষ আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিনশ জনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের সোমবার পাঠানো তথ্যে আরও কয়েকজনের কোভিড-১৯ সংক্রমণ, মৃত্যু ও সুস্থ হওয়ার সংবাদ:
চাঁদপুরে জ্বর ও কাশিতে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু
চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ের ৭২ বছর বয়সী এক বৃদ্ধা জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় মারা গেছেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা বেগম পলিন বলেন, রোববার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল পরীক্ষার জন্য। রিপোর্ট এখনও আসেনি। এ কারণে তাকে আশিকাটি এলাকায় গ্রামের বাড়িতে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।
“ওই বৃদ্ধার ছেলে ও নাতির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ কারণে পরিবারের অন্য সদস্যদের সাথে তারও নমুনা সংগ্রহ করা হয়।”
জেলায় আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত
চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচ জন শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ জানান, নতুন আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকর্মী, জনপ্রশাসনের কর্মচারী ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি রয়েছেন।
“এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭৬।”
বরিশালে আরও ৪ পুলিশের কোভিড-১৯ আক্রান্ত
বরিশালে গত ২৪ ঘণ্টায় চার পুলিশ সদস্যসহ আরও আট জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৮ হলো। এদের মধ্যে ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বরিশাল করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জলেন, সোমবার রাতে প্রকাশিত ফলাফল অনুযায়ী আক্রান্তদের মধ্যে এসআই পদবীর একজন ও এএসআই পদবীর দুইজন কোতোয়ালি মডেল থানায় কর্মরত। এছাড়া আক্রান্তদের তালিকায় পুলিশ লাইনসের একজন কনস্টেবল রয়েছেন।
তিনি জানান, বাকি চার জনের মধ্যে ৩৫ বছর বয়সী নারী নগরীর চাঁদমারি ও ৫৫ বছরের বৃদ্ধ কাজীপাড়া এলাকার বাসিন্দা। অপর দুজনের বাড়ি সদর উপজেলার চরমোনাই ও বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠিতে।
রংপুর মেডিকেলে উপজেলা চেয়ারম্যানসহ ৯ জন শনাক্ত
রংপুর মেডিকেলে কলেজে ১৮৮ নমুনা পরীক্ষায় আরও ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রংপুর মেডিকেলে কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু বলেন, আক্রান্ত নয় জনের মধ্যে রংপুরের রয়েছেন সাত জন।
বগুড়ায় ডাক্তার-পুলিশসহ আরও ৯ জন আক্রান্ত
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায়েআরও নয় জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহীন জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এক চিকেৎসক, দুই পুলিশ, এক কারারক্ষী এবং ঢাকাফেরত পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
দিনাজপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৩
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় দশ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদরেই আট জন।
দিনাজপুরের সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ জানান, এ নিয়ে দিনাজপুরে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৯৩। তবে আক্রান্তদের মধ্যে হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১৩ জন সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন জানান, নতু আক্রান্তদের আট জন সদরের এবং একজন করে বিরল ও বোচাগঞ্জ উপজেলার। আক্রান্তদের সকলেই ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের জেলা থেকে আগত।
জয়পুরহাটে আরও ২৮ জন আক্রান্ত
জয়পুরহাটে একদিনে এই পর্যন্ত সর্বোচ্চ ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
জয়পুরহাট সিভিল সার্জন সেলিম মিঞা জানান, আক্কেলপুর উপজেলায় ১০ জন, সদরে ৬ জন, ক্ষেতলালে ৯ জন, কালাইয়ে ১ জন, পাঁচবিবি উপজেলায় ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪।
আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ ও আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল বলে সিভিল সার্জন জানান।
মুন্সীগঞ্জে পুলিশ-নার্সসহ নতুন আক্র্রান্ত ২০
মুন্সীগঞ্জে দুই পুলিশ ও সেবিকাসহ আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৪১৯ জন।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় নতুন তিন জনসহ জেলায় সুস্থ হয়েছে ৫৬ জন। মারা গেছে ১৪ জন।
মুন্সীগঞ্জ সদর উপজেলা এবং সিরাজদিখান উপজেলা প্রশাসন জানিয়েছে, নতুন শনাক্তদের বাড়িঘর লকডাউনসহ করোনাভাইরাস শনাক্তদের আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নড়াইলে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত
নড়াইলের লোহাগড়ায় ক্যান্সারে আক্রান্ত একজন এবং ঢাকার একটি হাসপাতালে কর্মরত আরেকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান।
শেরপুরে আরও ১০ জন আক্রান্ত, প্রথম মৃত্যু
শেরপুরে করোনাভাইরাস উপসর্গে মারা যাওয়া এক ব্যক্তির নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। জেলার এটাই করোনাভাইরাসে প্রথম মৃত্যু।
সোবার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাওয়া ফলাফলের বরাত দিয়ে শেরপুরের সিভিল সার্জন একেএম আনওয়ারুর রঊফ এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, জেলায় আরও ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মোট ৬৬ জন আক্রান্ত হলেন। এদের মধ্যে ইতিমধ্যে ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শেরপুরে বিএমএ সভাপতি ও দুই পুলিশ সুস্থ
করোনাভাইরাসে আক্রান্ত শেরপুর জেলা বিএমএ সভাপতি আব্দুল বারেক তোতা সুস্থ হয়েছেন। তিনি শেরপুর টাউনের চকপাঠকের নিজের বাসায় আইসোলেশনে ছিলেন। সোমবার তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এছাড়া শেরপুরের নকলা থানার দুই পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশ ওয়ার্ডে থাকার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পিরোজপুরে হোম কোয়ারেন্টিনে নারীর মৃত্যু
পিরোজপুরে কোভিড-১৯ শনাক্ত রোগীর বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা এক এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের বালিবাবলা গ্রামে ভগ্নিপতির বাড়িতে ওই নারীর মৃত্যু হয় বলে জানান নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী।
৭০ বছর বয়সী ওই নারী পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের কুমারচিরা গ্রামের বাসিন্দা।
