সাত বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কিশোর আটক
চকোলেট কিনে দেওয়ার কথা বলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে এক কিশোরকে আটক করেছে র্যাব।
সোমবার র্যাব-১’র পোড়াবাড়ী স্পেশালাইজ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
আটককৃত ১৫ বছর বয়সী কিশোরটির বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার কুমড়ি গ্রামে। তারা গাজীপুরের টঙ্গীর বেলতলা মসজিদ রোডের এক বাড়ির ভাড়াটিয়া।
গত ১৬ মে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রেল গেইট এলাকার এক ময়লার স্তুপ থেকে বেলতলার ভাড়াটিয়া মামুন মিয়ার মেয়ে চাঁদনীর লাশ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় এক মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
এ বিষয়ে চাঁদনীর বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।
র্যাব-১ এর ওই কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের গলায় ও দুই পায়ে আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকায় সোমবার ভোররাতে টঙ্গী পূর্ব থানার রেল স্টেশন এলাকা থেকে এক কিশোরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক নিলয় র্যাবকে জানায়, গত ১৫ মে বিকালে চাঁদনী খেলা করতে বাসার পাশের মাঠে যায়। খেলা চলাকালীন ওই শিশুকে কৃষ্ণচূড়া গাছ থেকে ফুল পেড়ে দেয় তারা। খেলা শেষে চাঁদনী বাসায় ফেরার সময় বৃষ্টি হওয়ায় লোক সমাগম কম ছিল। এ সুযোগে তারা পূর্ব পরিকল্পিতভাবে চাঁদনীকে চকলেট কিনে দেওয়ার নাম করে ফুসলিয়ে পাশের মধুমিতা রেল গেইট এলাকায় সজীবের ইটের স্তুপের আড়ালে নিয়ে যায়। সেখানে সে ও তার সহযোগী চাঁদনীকে ধর্ষণ করে। এতে চাঁদনী কান্নাকাটি করে অজ্ঞান হয়ে পড়ে।
র্যাবের কর্মকর্তা আরো জানান, আটক ওই কিশোর চুরি, ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে এবং তার সহযোগীরা মিলে টঙ্গী রেলস্টেশন এবং তার আশপাশ এলাকায় নিয়মিত চুরি ছিনতাই সংঘঠিত করে।
এ ধর্ষণ ও হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে আটক করতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
