কাশিমপুর কারাগারে শ্বাসকষ্টে মৃত বন্দির নমুনা পরীক্ষায়
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে গাজীপুরের কাশিমপুর কারাগারে জ্বর ও শ্বাসকষ্টে মৃত এক বন্দির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর কারা পরিদর্শক রত্না রায় জানান, বৃহস্পতিবার বিকালে ৫০ বছর বয়সী এই বন্দির মৃত্যু হয়। শুক্রবার তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রত্না বলেন, ঢাকার বিমানবন্দর থানার স্বর্ণ চোরাচালান মামলায় বন্দি এই ব্যক্তির বাড়ি ঢাকার গেন্ডারিয়ায়।
“বুধবার বিকালে শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে প্রথমে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়।”
জেলার উম্মে সালমা বলেন, মৃত ব্যক্তির শরীরে জ্বর-শ্বাসকষ্ট ছিল। তবে তার পাইলসও ছিল। ২০১৯ সালের ২৭ জুলাই তাকে এ কারাগারে আনা হয়।
“পাইলসে রক্তক্ষরণ এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পরে দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জ্বর থানার কারণে তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ আছে কিনা সন্দেহে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।”
