২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সন্তানসহ দম্পতির লাশ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক দম্পতি ও তাদের দেড় বছরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 03:23 PM

Updated : 08 Apr 2022, 12:47 AM

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাড়ি থেকে শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হাফিজুল ইসলাম (৩০),তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) ও তাদের মেয়ে হুমায়রা।

বড়বিল ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাতেমা ও তার মেয়ের লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। তাদের গলায় খুঁচিয়ে জখমের দাগ দেখা গেছে। আর হাফিজুলের লাশ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক বিরোধের জেরে শুক্রবার রাতের কোনো এক সময় হাফিজুল তার স্ত্রী ও মেয়েকে ধারাল কিছু দিয়ে গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।