২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ হত্যার আসামি নিহত

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে হত্যাসহ একাধিক মামলার এক আসামি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2020, 02:23 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার মৎস্য ঘাটে শনিবার ভোরে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য।

নিহত আরিফুল ইসলাম (২২) টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল ইসলামের ছেলে।

পুলিশের দাবি, আরিফুল একজন সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও হত্যাসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে। মামলা মাথায় নিয়েই সে পালিয়ে বেড়াচ্ছিল। 

ওসি বলেন, আরিফুল দলবল নিয়ে অবস্থান করছে খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে আরিফুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে ইয়াবা ও ১টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।”

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান প্রদীপ কুমার।