মাশরাফি-তামিমদের ত্রাণ ছিনতাই: কোনো গ্রেপ্তার নেই ৭ দিনেও
ময়মনসিংহের গফরগাঁওয়ে তারকা ক্রিকেটার মাশরাফি, তামিম, মুশফিকদের টাকায় কেনা ত্রাণ ছিনতাই ও হামলায় চারদিন পর মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।
এক সপ্তাহেও মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তাদের শিগগিরই আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হওয়া মানুষের সহায়তায় তারকা ক্রিকেটারদের টাকায় কেনা ত্রাণ দিতে গেলে গত ৪ মে গফরগাঁওয়ের বাঙ্গালকান্দি ও সৈয়দপাড়ায় বিতরণকারীদের উপর হামলা হয়। এতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম বয় নাসির মিয়া ও তার ভাইসহ বেশ কয়েকজন আহত হন।
গত ৪ মে এই ঘটনা ঘটলেও থানায় মামলা নেওয়া হয় চারদিন পর ৮ মে। কিন্তু এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
এই ঘটনার বিচার দাবিতে এলাকার লোকজন মানববন্ধনও করেছে।
নাসির মিয়া বলেন, চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন বিপ্লবের অনুমতি না নিয়ে ত্রাণ দেওয়ায় চেয়ারম্যানের লোক রফিক, আপন, খাইরুল, রুবেল ও রাব্বিসহ ৮-১০ জন তাদের উপর হামলা করে ৪৫ প্যাকেট ত্রাণ ছিনিয়ে নিয়ে যায়। তারা হুমকি দেয় চেয়ারম্যানের অনুমতি ছাড়া ভবিষ্যতে ইউনিয়নে কোনো কাজ করলে আরও পস্তাতে হবে।
এ ঘটনায় থানায় মামলা করতে গিয়েও ভোগান্তি পোহাতে হয় বলেও নাসিরের অভিযোগ।
“তবে আসামিরা বাড়িতে থাকলেও পুলিশ তাদের ধরছে না। উল্টো মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।”
মামলায় রফিক, আপন, খাইরুল, রুবেল ও রাব্বির নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে বলে নাসির জানান।
নাসিরের বড় ভাই বাবুল মিয়া বলেন, হামলায় আহত হয়ে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মামলা করায় তাদের উপর ছাগল ছুরির অভিযোগ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করে তাদের মানহানি ঘটাচ্ছে ‘চেয়ারম্যানের’ লোকজন।
স্থানীয় মুক্তিযোদ্ধা আকবর আলী বলেন, “নাসির হচ্ছে আমাদের এলাকার গর্ব। তারা আমরা সবাই সম্মান করি। সে করোনাভাইরাস দুর্যোগে মানুষকে সহযোগিতা করতে ছেয়েছিল। বিনিময়ে আমরা তাকে অসম্মান করেছি, যা মোটেও কাম্য নয়।”
“এখন তারা বিপ্লব চেয়ারম্যানের লোক। চেয়ারম্যানের ইশারায় এই কাজটি হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার দাবি করছি।”
ফরিদপুর গ্রামের আবুল হোসেন, খাজা গ্রামের ফরিদুর বলেন, নাসির ত্রাণ দিবে বলে শুনে তারা খুবই খুশি হয়েছিল। কিন্তু ত্রাণ ছিনতাই এবং হামলার ঘটনা তাদেরকে ব্যথিত করেছে। যারাই এর সাথে জড়িত থাকুক না কেন তাদের বিচার দাবি করেছেন তারা।
লংগাইর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুব আলম বলেন, “সন্ধ্যার পর ঘটনাটি ঘটেছে। যখন ত্রাণ ছিনতাই ও হাতাহাতি হচ্ছে তখন মাশরাফি, তামিম, রিয়াদ ও মুশফিকের নাম আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যে যার মতো চলে যায়।”
লংগাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন বিপ্লব বলেন, ওসি কিংবা তার অনুমতি ছাড়া রাতের আঁধারে ত্রাণ দেওয়া নিষেধ। তাই এমন হট্টগোলের ঘটনা ঘটেছে।
তবে ত্রাণ দেওয়ার সময় ছাত্রদলের এক নেতা নাসিরের সাথে অংশ নেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে তার দাবি।
হামলাকারীরা তার লোকজন কিনা জানতে চাইলে তিন বলেন, “নৌকা নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান হয়েছি। তাই ইউনিয়নের অনেকেই আমার লোক, তথা সরকারের লোক।”
তবে নাসিরকে তিনি জামায়াত-শিবির বলেননি বলে দাবি করেন শাহিনুজ্জামান।
ওসি আরও বলেন, নাসিরের ভাই বাবুলের বিরুদ্ধে ছাগল চুরির একটি অভিযোগ এসেছে; সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ত্রাণ ছিনতাই ও নাসিরের পরিবারের উপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাসির ২০-২২ বছর ধরে জাতীয় ক্রিকেট টিমে চাকরি করছেন। তিনি অত্যন্ত নম্র-ভদ্র; সবার আদরের।
“আমরা যখন এই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার চেষ্টা করছি। তখন কেউ কেউ আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এতে আমরা হতাশ হচ্ছি। নাসিরের পরিবারের উপর হামলার পরও তাদের হুমকি দেওয়া হচ্ছে; যা মোটেও কাম্য নয়।”
