২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্ত্রী খুনের অভিযোগে বিদেশ ফেরত স্বামী গ্রেপ্তার

চাঁদপুরে বিদেশ ফেরত স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনায় ঘটেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 12:37 AM

Updated : 10 Oct 2022, 07:10 PM

বুধবার রাতে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় ছুরির আঘাতে ২০ বছর বয়সী ওই বধূ নিহতের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তানজিনা আক্তার রিতু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার স্বামী আল মামুন মোহনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রিতু ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া গ্রামের খাঁ বাড়ির সেলিম খানের মেয়ে এবং মোহন রায়পুরের শায়েস্তানগর গ্রামের মনতাজ মাস্টারের ছেলে।

ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব বলেন, নিহত রিতুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক মোহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি জানান, প্রায় আড়াই বছর আগে মোহন ও রিতুর বিয়ে হয়। বিয়ের এক বছর পর মোহন সৌদি আরবে চলে যান। দেড় বছর পর সৌদি আরব থেকে ফিরে বেকার অবস্থায় ঘোরাফেরা করতে থাকেন।

“বুধবার বিকালে স্বামী মোহন তার বাড়ি রায়পুর থেকে শ্বশুরবাড়িতে আসেন। ইফতারের আগে স্ত্রী রিতুর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিতুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

“চিৎকার শুনে রিতুর মা পারভীন আক্তার ও ভাই প্রান্ত এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে মোহন।”

পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন আটকে রেখে পিটুনি দেয় তাকে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানান তিনি।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া জানান, গুরুতর আহত রিতু ও তার মা পারভীনকে (৪৫) ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রিতুকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় পারভীন আক্তারকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া নিহতের ভাই প্রান্তকে (১৭) গৃদকালিন্দিয়া বাজারে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত রিতুর আত্মীয় তাছলিমা বেগম জানান, সৌদিআরব থেকে মোহন চলে আসার পর বেকার ছিলেন। বিয়ের সময় রিতুকে দেওয়া সব স্বর্ণালঙ্কার বিক্রি করে ফেলেছিলেন মোহন।

“তার বাড়ি বসবাসের অনুপযোগী থাকায় রিতু বাপের বাড়িতে থেকেই পড়ালেখা করত। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই রিতুকে হত্যা করে এবং তার মা ও ভাইকে আহত করে মোহন।”

এসআই জানান গ্রেপ্তারের পর আল মামুন মোহন পুলিশের কাছে রিতুকে হত্যার কথা স্বীকার করে তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগ আনেন।

রিতুর লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।