২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে কোভিড-১৯ পরীক্ষার ল্যাব উদ্বোধন

করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য জামালপুরে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2020, 09:57 PM

Updated : 10 Oct 2022, 07:10 PM

মঙ্গলবার শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রো-বায়োলজি বিভাগে এই ল্যাব উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক মোশায়ের উল ইসলাম জানান, মঙ্গলবার থেকে এই ল্যাবে প্রতিবারে ৯৬টি করে নমুনা পরীক্ষা করা যাবে।  

জামালপুর জেলার পাশাপাশি আশপাশের জেলার করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার নমুনাও এই ল্যাবে করা যাবে বলে আশা করছেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, জামালপুরের মার্কেটগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। ‘লকডাউন’ কঠোরভাবে কার্যকর করতে না পারলে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপন সুফল বয়ে আনবে না।

মানুষের জীবন বাঁচাতে তিনি প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহবান জানান।

তিনি সোমবার রাতে জামালপুর শহরের তমালতলা এলাকায় বেশ কিছু সময় অপেক্ষা করে মার্কেটগুলোর অবস্থা নিজ চোখে দেখেন এবং এখানে মানুষের ভিড় দেখে শঙ্কিত হয়েছেন বলে জানান।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্যালুট জানিয়ে মুরাদ হাসান বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। জামালপুর জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১০৭ জনের মধ্যে ১২ জন চিকিৎসকসহ অর্ধশতাধিক স্বাস্থ্যকর্মী রয়েছেন। তারপরও তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মির্জা আজম, সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সংসদ সদস্য হোসনে আরা প্রমুখ।