ফরিদপুরের বিপনী কেন্দ্রে উপচেপড়া ভিড়, বন্ধ হলো আবার
ঈদ সামনে রেখে ফরিদপুরে খুলে দেওয়া মার্কেট ও বিপনী বিতানগুলোতে ব্যাপক ক্রেতা সমাগমের কারণে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে দুদিনের মধ্যেই ফের বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে সকল মার্কেট ও বিপনী বিতান বন্ধ থাকবে।
এর আগে রোববার থেকে শহরের নিউমার্কেটসহ অন্যান্য বিপনী বিতানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকে দেশের সব বিপনী বিতান। সম্প্রতি ঈদকে সামনে রেখে বিধিনিষেধ শিথিল করায় বিপনী কেন্দ্র খুলেছে দেশের বিভিন্ন জেলায়। তবে কোনো কোনো জেলার ব্যবসায়ীরা বন্ধ রাখার পক্ষেই রয়েছেন; তারা ব্যবসা প্রতিষ্ঠান খোলেননি।
সোমবার মার্কেট খোলার পর বেলা ১২টার দিকে নিউমার্কেট ও চকবাজার কাপড় পট্টিতে গিয়ে দেখা গেছে, মার্কেটের গেটে পুলিশ প্রহরা রয়েছে। ব্যবসায়ী কমিটির কর্মকর্তারা হ্যান্ড মাইকে ক্রেতাদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে কেনাকাটার আহ্বান জানাচ্ছেন।
তবে প্রতিটি অলিগলি ও দোকানের সামনে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্যনীয়। ক্রেতাদের সিংহভাগই নারী। কোলে শিশু নিয়ে এসেছেন কেউ কেউ। সামাজিক দূরত্ব বজায় রাখছেন না অনেকে। ভিড় সামলাতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী কমিটির কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, মার্কেটে আসা ক্রেতাদের বেশিরভাগই দূরদূরান্ত ও গ্রাম থেকে আসা। কম দামের শাড়ি, লুঙ্গি, গেঞ্জি, জুতা-স্যান্ডেল, কাপড়চোপড় বেশি বিক্রি হয়েছে।
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) নেতারা সোমবার শহরের বিভিন্ন বিপনী পরিদর্শন করেছেন।
এফসিসিআই পরিচালক নাজমুল ইসলাম খন্দকার লেভী বলেন, মার্কেটে একদিন এক পাশের ও অন্যদিন আরেক পাশের দোকান খোলার সিদ্ধান্ত হয়েছে। পরিবারের একজনের বেশি না আসা ও কোনোক্রমেই শিশুদের না আনার কড়া নির্দেশনা রয়েছে।
“যেসকল নির্দেশনা আমরা দিয়েছিলাম তার কোনোটাই মানা হচ্ছে না।”
ফরিদপুর চকবাজার বণিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক দিনদয়াল আগরওয়াল বলেন, মার্কেটে আসা ক্রেতাদের সচেতন করতে হ্যান্ড মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে।
ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর বলেন, “নারী ও শিশুদের মার্কেটে না আসার জন্য পুলিশ ও ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে; কিন্তু ঘটছে তার উল্টোটা।”
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রের সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সোমবার চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এরপর ব্যবসায়ী নেতৃবৃন্দ মঙ্গলবার থেকে সকল মার্কেট ও বিপনী বিতান বন্ধ রাখার ব্যাপারে একমত পোষণ করেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
