দিনাজপুরে ত্রাণ বিতরণ করেছেন নৌ-প্রতিমন্ত্রী
করোনাভাইরাস মহামারীতে কর্মহীনদের মধ্যে দিনাজপুরে ত্রাণ বিতরণ করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার দিনাজপুর বড় ময়দানে কর্মহীন ও দুস্থ পাঁচশ মানুষের মধ্যে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
করোনা দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে সঠিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হলেও কিছু মানুষ শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই ‘অন্যায়ভাবে বিষোদগার’ করছেন বলে তিনি মন্তব্য করেন।
ত্রাণ বিতরণে সরকারের সমালোচনা করায় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন।
প্রতিমন্ত্রী খালিদ বলেন, নিম্ন আয়ের মানুষের মধ্যে আগামী ২/৩ দিনের মধেই মোবাইল ফোনের মাধ্যমে অর্থ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এজন্য সরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির উদ্যোগে এই ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুই, দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফুজ্জামান মিতা, সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ।
পরে দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগেও ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।
