শেরপুরে স্কুলছাত্রকে অপহরণ ও ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার
শেরপুর সদরের এক স্কুলছাত্রকে অপহরণ ও ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে, যাকে স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে।
ঝিনাইগাতী উপজেলা থেকে বৃহস্পতিবার ছাত্রটিকে উদ্ধার ও অপহরণকারী সন্দেহে যুবককে গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার হোসেন জানান।
আহত শিক্ষার্থী শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকার বাসিন্দা ও কামারিয়া ইদ্রিসিয়া স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ অভিযোগে সাব্বির হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলা করেছেন, যাতে গ্রেপ্তার সাব্বির হোসেনসহ দুইজনকে আসামি করা হয়।
শুক্রবার শেরপুর বিচারিক হাকিম আদালতে হাজির করলে সাব্বিরকে জেল হাজতে পাঠনোর আদেশ দেওয়া হয়।
মামলায় অভিযোগ করা হয়, অপহৃত শিক্ষার্থী ও গ্রেপ্তার সাব্বির পাশাপাশি এলাকার বাসিন্দা হওয়ায় তারা একই সঙ্গে চলাফেরা করত। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাত্রটিকে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী অবকাশে বেড়ানোর কথা বলে নিয়ে আসে সাব্বির। এরপর সকাল সাড়ে ৮টার দিকে ওই শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বাবার মোবাইলে কল দিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিকাশ নম্বরে পাঠাতে বলে সাব্বির। এক ঘণ্টার মধ্যে টাকা না পাঠালে ছেলেক খুন করার হুমকি দেয়।
মামলায় আরও বলা হয়, ছেলেটির বাবা টাকা পাঠাতে অস্বীকার করলে সাব্বির তার ছেলেকে পিঠে ছুরিকাঘাত করে। এ সময় ছেলেটির চিৎকার করলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় একজন কাঠ ব্যবসায়ী তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়, সাব্বির পালিয়ে যাওয়ার সময় শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর এলাকায় রুকুনুজ্জামানের বাবাকে দেখতে পেয়ে দৌড় দেয়ে। ওই সময় স্থানীয়রা তাকে ধরে থানায় খবর দেয়।
ঝিনাইগাতী থানার পরিদর্শক সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় করা মামলায় কজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলেছে।
