ফরিদপুরে সূর্যের হাসির ৩ ক্লিনিকের কর্মীরা চাকরি হারানোর শঙ্কায়
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন ফরিদপুরের তিনটি উপজেলায় সূর্যের হাসি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মীরা জানান, গত ৫ এপ্রিল সূর্যের হাসি নেটওয়ার্কের চেয়ারম্যান মোহাম্মাদ আলী দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরের ১৫৮টি ক্লিনিক বন্ধের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছেন।
ওই তিনটি ক্লিনিকে ম্যানেজার, প্যারামেডিক, সার্ভিস প্রমোটার, ক্লিনিক এইড, অ্যাকাউটেন্ট, অ্যাম্বুলেন্স চালক, নিরাপত্তাকর্মী, ক্লিনারসহ মোট ২৮ জন কর্মরত রয়েছেন। পদ অনুযায়ী তারা মাসে ১০ থেকে ৩৩ হাজার টাকা পর্যন্ত বেতন পান।
এছাড়া বোয়ালমারী ও মধুখালী উপজেলার সূর্যের হাসি ক্লিনিকের সঙ্গে যুক্ত রয়েছেন ২১ জন স্বেচ্ছাসেবী; যারা প্রতি মাসে সাতশ টাকা করে ভাতা পান।
ক্লিনিক বন্ধ হলে কর্মহীন হওয়ার আশঙ্কায় বোয়ালমারী উপজেলার ক্লিনিক ম্যানেজার রবিউল ইসলাম গত ৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দের মাধ্যমে জেলা প্রশাসক অতুল সরকারের কাছে ‘সূর্যের হাসি ক্লিনিক বন্ধের আদেশ’ স্থগিত চেয়ে আবেদন করেন।
পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী মায়ের পরিচর্যা, বাড়িতে গিয়ে গর্ভবতী মায়েদের সাধারণ প্রসব সেবা, ইপিআই এর মতো কার্যক্রমকে গতিশীল করার জন্য ১৯৯৭ সাল থেকে ইউএস-এইড এর সহযোগিতায় সূর্যের হাসি ক্লিনিক চালু হয়। মাঝে ৭৪টি ক্লিনিক বন্ধ করে দেওয়ার পর দেশে ৩৬৯টি উপজেলায় এ ক্লিনিক চালু রয়েছে।
রবিউল ইসলাম তার লিখিত ওই আবেদনে বলেন, “করোনাভাইরাস থেকে বাঁচার জন্য মানুষ ঘরবন্দি, এ পরিস্থিতি মোকাবেলায় সময় সূর্যের হাসি নেটওয়ার্কের স্বাস্থ্যকর্মীরা সংগ্রাম করছে, সে সময় ১৫৮টি সূর্যের হাসি ক্লিনিক বন্ধ করে ২০০০ কর্মীকে বাধ্যতামূলক চাকরিচ্যুত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতে ২০০০ পরিবারের প্রায় ১৫ হাজার সদস্য জীবিকা হুমকির মুখে পড়েছে।”
ফরিদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সর্দার মো. হান্নান বলেন, “সূর্যের হাসি ক্লিনিকের বন্ধের চিঠি আমরা পেয়েছি। দাতা দেশ টাকা কমিয়ে দেওয়ায় পর্যায়ক্রমে কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে।”
তবে ফরিদপুর সদরের দুটি শাখার কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “সূর্যের হাসি ক্লিনিকের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছিল।”
