কোভিড-১৯: চাঁদপুরে সুস্থ হওয়া বৃদ্ধের মৃত্যু
চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধ সুস্থ হওয়ার পর মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে ৬৫ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয় বলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা বেগম পলিন জানান।
মৃত এই বৃদ্ধের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে এর আগে গত ১১ এপ্রিল এই বৃদ্ধের বাড়িতে মারা যান তার মেয়ের স্বামী (৪১); যার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবং কর্মসূত্রে থাকতেন নারায়ণগঞ্জ।
স্বজনদের বরাত দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা সাজেদা বেগম পলিন জানান, সকাল ১০টার দিকে এই বৃদ্ধের বুকে ব্যথা অনুভব হয়। দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
“এই বৃদ্ধের পরপর দুটি টেস্টে তার করোটাভাইরাস নেগেটিভ রিপোর্ট এসেছিল; তাই তার করোনাভাইরাসে মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই। আমরা আর তার নমুনা সংগ্রহ করব না।”
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত পেয়েছেন বলে তিনি জানান।
গত ১১ এপ্রিল এই ব্যক্তির মেয়ে জামাইয়ের মৃত্যু সম্পর্কে স্থানীয় রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী ওই সময় বলেছিলেন, ২৬ মার্চ তার কর্মস্থল নারায়ণগঞ্জে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হন। তারপর তিনি কিছুটা সুস্থ হলে পহেলা এপ্রিল চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে শ্বশুর বাড়িতে ফেরেন। এরমধ্যে আবারও তার সর্দি, জ্বর ও কাশি দেখা দেয়। তার সঙ্গে উচ্চ রক্তচাপেও ভোগেন। ১১ এপ্রিল মারা যান তিনি।
চেয়ারম্যান জানান, ওই মৃত যুবক নারায়ণগঞ্জে এসিআই কোম্পানির উৎপাদন কারখানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। এক বছর আগে বিয়ে করেন তিনি।
