কক্সবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কক্সবাজারে পেকুয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে বলে পেকুয়া থানার ওসি মো. কামরুল আজম জানান।
এরা হল- রাজাখালী ইউনিয়নের মাঝের পাড়ার করিম দাদ মিয়ার মেয়ে কুলসুমা জান্নাত (৯) এবং একই এলাকার প্রবাসী আজম খানের ছেলে মোহাম্মদ মুনতাহী (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
শিশুদের স্বজনদের বরাতে ওসি বলেন, “কুলসুমা, মুনতাহী ও আমিরা বেগম মিলে বাড়ির পুকুরের পাকা সিঁড়িতে খেলছিল। এক পর্যায়ে মুনতাহী পানিতে পড়ে যায়। এ সময় মুনতাহীকে পানি থেকে টেনে তুলতে গিয়ে ভারসাম্য হারালে কুলসুমাও পানিতে পড়ে যায়।”
পরে আমিরা বাড়ির লোকজনদের খবর দিলে তারা গিয়ে দুই শিশুকে উদ্ধার করে। পরে তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
