২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই পক্ষের সংঘর্ষে তরুণ নিহত, আটক ৯

সিলেটের ওসমানীনগরে দুই পক্ষের আধিপত্য বিস্তারের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 10:46 AM

Updated : 18 Aug 2022, 02:59 PM

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক জানান, বুধবার সন্ধ্যায় পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত শিপন আহমদ (২৪) ওই গ্রামের আশিক মিয়া ছেলে।

ওসি রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে  ঈশাগ্রাই গ্রামের এক ব্যক্তির সঙ্গে স্থানীয় একজন জনপ্রতিনিধির দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। বুধবার বিকেলে গরুর ধান খাওয়া নিয়ে দুই পক্ষের দুইজনের কথাকাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে আশিক আলী, রিপন আহমদ, আব্দুল হক, আব্দুস সালাম, আনহার মিয়া, নজির মিয়াসহ অন্তত ১৫ জন আহত হন জানিয়ে ওসি বলেন, তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিপন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান।

এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে বলে জানান ওসি রাশেদ মোবারক।