২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আ. লীগ কর্মীর কান কাটার ঘটনায় একজন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক আওয়ামী লীগ কর্মীর কান কেটে ফেরার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 10:38 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী জানান, মঙ্গলবার সকালে এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শ্রীপুর এলাকা থেকে লালু (৪২) নামে একজনকে আটক করা হয়।

লালুর বিরুদ্ধে ইতোপূর্বে ডাকাতি ও মাদকের চারটি মামলা রয়েছে বলে জানান তিনি।

শ্রীপুরের গলদাপাড়া এলাকার মিশিধার খালের কাঠের ব্রিজ এলাকায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ কর্মী রিয়াজ উদ্দিন প্রধানের (৫৫) কান কেটে নেওয়া হয় বলে তিনি জানান। 

ওই উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম প্রধান জানান, রিয়াজ তার ইউনিয়নের গলদাপাড়া এলাকার সামশুদ্দিন প্রধানের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মী।

ঘটনার বর্ননায় রিয়াজ উদ্দিন বলেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বারতোপা বাজার থেকে বাড়ি ফেরার পথে রুবেল (৫০) নামের এক ব্যাক্তি তাকে ডাক দিলে তিনি এগিয়ে যান। এর কিছুক্ষণ পর রুবেলের ছোট ভাই এলাকার ‘চিহ্নিত ডাকাত’ ও ‘মাদক বিক্রেতা’ লালুসহ (৪২) আরও ছয়জন লোক তাকে ঘিরে ধরে এবং গামছা দিয়ে তার চোখ-মুখ বেঁধে ফেলে।এ সময় তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল ফোন তারা ছিনিয়ে নেয়।
পরে তারা পাশে লালুর বাড়িতে একটি ঘরে নিয়ে আটকে তাকে রাখে। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে ঘরের ভেতরে ধারালো ছুরি দিয়ে তার বাম কান কেটে ফেলে।

তিনি বলেন, “সেখানে তারা আমাকে খুনের হুমকি দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং পরে আমাকে কাউকে কিছু না বলে বাড়ি চলে যেতে বলে। তাদের কাছে থেকে ছাড়া পেয়ে প্রাণভয়ে দৌড়ে গিয়ে আমার ফুপাতো ভাই আবুল কাসেম প্রধানের বাড়িতে উঠি। পরে তারা আমাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষন দাস বলেন, “রিয়াজ উদ্দিনের বাম কানে তিনটি সেলাই দিতে হয়েছে। সেলাইয়ের পর প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় চলে যান।”