নওগাঁয় তুলশীগঙ্গা নদীতে নিখোঁজ নারীর লাশ
নওগাঁয় তুলশীগঙ্গা নদী থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শহরের রজাকপুর এলাকা থেকে সোমবার দুপুরে নরুন্নাহার বেওয়ার (৪০) লাশটি উদ্ধার করা হয় বলে নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়াদী হোসেন জানান।
নুরুন্নাহার সদর উপজেলার ভবানীপুর গ্রামের শামছুর রহমানের স্ত্রী।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, নুরুন্নাহার তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।
দুপুরে নদীতে অর্ধ ডুবন্ত অবস্থায় তার লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নুরুন্নাহারকে দুর্বৃত্তরা হত্যার পর লাশ নদীতে ফেলে গেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হানপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।
