কক্সবাজারে ধারের টাকা পরিশোধ নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত
কক্সবাজারের কুতুবদিয়ায় ধারের টাকা পরিশোধের জেরে সংঘর্ষের সময় লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টায় উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের ঘাটকূল পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কুতুবদিয়া থানার ওসি মো. দিদারুল ফেরদৌস।
নিহত বজল করিম (৪৫) ওই এলাকার ছাবের আহমদের ছেলে।
তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গ্রেপ্তাররা হলেন- একই এলাকার শাহাব উদ্দিন, আলাউদ্দিন, পুতিনা বেগম, মোহান্মদ ফয়েজ ও হাদিসা বেগম।
নিহতের স্বজনদের বরাতে ওসি বলেন, ঘাটকূল পাড়ার আব্দুল মোতালেবের ছেলে শাহাব উদ্দিনের কাছ থেকে বজল গত ২ মাস আগে প্রতিমাসে ৫০০ টাকা সুদের ভিত্তিতে পাঁচ হাজার টাকা ধার নেয়। এরপর বজল গত মাসের সুদের ৫০০ টাকা পরিশোধ করে।
"কিন্তু করোনাভাইরাসের পরিস্থিতিতে মন্দার কারণে চলতি মাসের সুদের টাকা যথাসময়ে শাহাব উদ্দিনকে পরিশোধ করতে পারেননি। এ নিয়ে সোমবার সকালে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের স্বজনেরা সংঘর্য়ে জড়ায়।
এ সময় লাঠির আঘাতে বজলসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা বজলকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
