২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭০ বছরের বৃদ্ধাসহ শেরপুরে সুস্থ হলেন ৬ জন

শেরপুরে করোনাভাইরাস আক্রান্ত ৭০ বছর বয়সী এক বৃদ্ধার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 08:52 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

এ রোগে দেশে রেকর্ড আক্রান্তের দিনে রোববার এছাড়াও পুলিশের দুই এসআই-সহ আরও পাঁচজনের রোগমুক্তির পর খবর দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।

এদের মধ্যে রয়েছেন ঝিনাইগাতী থানার দুই এসআই, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার, ঝিনাইগাতী সাড়ি কালিনগরের পিকআপ চালক এবং শেরপুর সদর উপজেলার চরশেরপুরের এক বাসিন্দা।

সুস্থ হয়ে বাড়ি ফেরা বৃদ্ধা প্রতাবনগর গ্রামের বাসিন্দা।

সুস্থ হওয়ার পর ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র পান পাঁচজন এবং একজন শেরপুর জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।

রোববার সকাল পর্যন্ত এই জেলার বিভাগের মধ্যে ময়মনসিংহে ১৫০, জামালপুরে ৭৩, নেত্রকোণায় ৪১ ও শেরপুরে ২৬ কোভিড-১৯ আক্রান্ত হয়েছে এবং ময়মনসিংহে দুইজন ও জামালপুরে তিনজন মারা গেছে বলে আইইডিসিআরের তথ্য।

তবে বেলা ১২টার তথ্য দিয়ে শেরপুর সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ এবং ঝিনাইগাতী  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, জেলার ৩০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে ওই ছয়জন সুস্থ হওয়ায় এ নিয়ে মোট ১৪ জন করোনাভাইরাস রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন।

বাকি ১৬ জনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহে পাঠানো হয়েছে। ১৩ জন শেরপুরে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন করোনাভাইরাস ‘রোগীদের অবস্থা ভালোর দিকে’ বলেও জানান তারা।

এর আগেও দেশে অন্য জেলায় ৭০-৮০ বছর বয়সী কয়েকজন কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার খবর রয়েছে।