ব্রাহ্মণবাড়িয়ায় ‘পূর্বশত্রুতার জেরে’ শিশু হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পূর্বশত্রুতার জেরে শিশু খুন হয়েছে। এ ঘটনায় এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরাইল থানার ওসি নাজমুল আহমেদ জানান, রোববার ভোরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা একটি খাল থেকে তারা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত মহিউদ্দিন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের লিয়াকত মিয়ার ছেলে।
ওসি নাজমুল প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, “ওই গ্রামের কবির মিয়ার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী লিয়াকত মিয়ার পরিবারের বিরোধ দেখা দেয়। এর প্রতিশোধ নিতে লিয়াকতের শিশুসন্তানকে হত্যা করেন বলে স্বীকার করেছেন কবির। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি নাজমুল।
