মাদারীপুরে আরও ৪ জনের করোনাভাইরাস শনাক্ত
মাদারীপুরে নতুন করে এক শিশুসহ চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৬ জন হল।
মাদারীপুর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ রিয়াজ মাহমুদ বলেন, মাদারীপুর সদর উপজেলার বাহাদুপুর ইউনিয়ন ও ধুরাইল ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক শিশুসহ চারজনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে।
এর মধ্যে একজন নারী ও দুই পুরুষ রয়েছেন। আক্রান্তরা সবাই সম্প্রতি ঢাকা থেকে এসেছেন বলে জানান তিনি।
রিয়াজ বলেন, “বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৮ জন ও রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন। এছাড়া গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৫৭২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠনো হয়েছে। এর মধ্যে ৪৪৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। ”
