কোভিড-১৯: গাজীপুরে নমুনা সংগ্রহে ‘নিরাপদ বুথ’
করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য গাজীপুরে ১৬টি ‘নিরাপদ বুথ’ স্থাপন করা হয়েছে।
এরমধ্যে পাঁচটি জেলা প্রশাসন এবং ১১টি কাপাসিয়ার স্থানীয় সংসদ সদস্য স্থাপন করেছেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে নির্দিষ্ট ডিজাইনের পাঁচটি বুথ স্থাপন করা হয়েছে।
কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নেও ১১টি বুথ স্থাপন করা হয়েছে স্থানীয় সংসদ সদস্যের আর্থিক সহায়তায়।
আগামী ৩ মে থেকে এই বুথ থেকে নমুনা সংগ্রহ শুরু হবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ কাপাসিয়া, শ্রীপুর, কালিয়াকৈর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য পাঁচটি বুথ স্থাপন করা হয়েছে।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেনের আর্থিক সহায়তায় কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটিতে একই ধরনের বুথ স্থাপন করা হয়েছে।
আগামী ৩ মে থেকে এসব নমুনা সংগ্রহ শুরু করা হবে বলে ইউএনও ইসমত আরা জানান।
জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, “ভারতের একটি মডেল ও ক্রিকেটার মাশরাফি বিন মুরতজার এলাকায় (নড়াইল) ব্যবহৃত নমুনা অনুসরণ করে আমরা গাজীপুরে ‘নিরাপদ বুথ’ স্থাপনের উদ্যোগ নিই।”
“এটা ভেবেই আমাদের মনে হলো, যিনি নমুনা নিচ্ছেন তাকে যেমন নিরাপদে রাখা দরকার তেমনি যার নমুনাটা নেওয়া হচ্ছে তাকেও নিরাপদ রাখা দরকার।”
তিনি বলেন, এজন্য নমুনা সংগ্রহ করার সময় সংগ্রহকারী বুথের ভিতরে গিয়ে দরজা জানালা আটকে দেবেন; এ সময় বাতাস পাওয়ার জন্যে বুথের ভিতরে একটি ফ্যান চালু থাকবে। আর যিনি নমুনা দেবেন তিনি বুথের বাইরে থাকবেন। এতে নমুনা সংগ্রহকারীকে নমুনা দিতে আসা ব্যক্তির সংস্পর্শে যেতে হবে না। নমুনা সংগ্রহরে সময় শুধু গ্লাভস পরিহিত হাতটা বাইরে যাবে। হাতে যে ফুল কোটেড গ্লাভস থাকবে সেটা নমুনা সংগ্রহের পর ফেলে দেবেন। নতুন কেউ আসলে আবার নতুন গ্লাভস পড়ে নমুনা নেবেন। ফলে কারোরই আর করোনা সংক্রমণের ঝুঁকিও থাকবে না।
নিরাপদে নমুনা নিতে এবং দিতে পারার জন্যেই এ বুথ স্থাপন করা হচ্ছে; তাছাড়া নমুনা সংগ্রহকারীরর বারবার পিপিই পরতে হবে না, বলেন জেলা প্রশাসক।
