২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে জ্বর-কাশি নিয়ে হাসপাতালে যুবকের মৃত্যু

ফেনীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 06:19 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

বৃহস্পতিবার ভোরে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি জানান।

৩৭ বছর বয়সী ওই যুবকের বাড়ি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামে।

নিহতের স্বজনরা বলেন, গত তিন বছর আগে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে ওই প্রবাসী দেশে ফিরেন। এরপর থেকে তিনি ফেনী শহরের নাজির রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। কিছুদিন ধরে তার ডায়াবেটিস ও শ্বাসকষ্ট বেড়ে যায়। একই সঙ্গে জ্বর ও কাশি দেখা দেয়। বুধবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, “মারা যাওয়া ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি যেহেতু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে সেজন্য করোনাভাইরাসে আক্রান্ত কিনা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।”

সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল জানান, বৃহস্পতিবার সকালে সমপুর গ্রামে পারিবারিক কবরস্থানে ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে।