২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ফরিদপুরে সেই দম্পতিসহ ৩ জন সুস্থ হয়ে ফিরলেন

ফরিদপুরে কোভিড-১৯ আক্রান্ত এক দম্পতিসহ তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ফরিদপুর প্রতিনিধি

:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 03:27 PM

Updated : 08 Apr 2022, 12:42 AM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এ সময় চিকিৎসক ও নার্স ফুলের শুভেচ্ছায় তাদের বিদায় জানান।

এরা হলেন- নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গি গ্রামের এক ব্যক্তি (৬২) ও তার স্ত্রী (৪৮) এবং বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের এক ব্যক্তি (৪৭)।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু বলেন, “দুই দফায় তাদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসার পর আমরা তাদের সুস্থতার বিষয়টি নিশ্চিত হই। এর পরই তাদের ছাড়পত্র দেওয়া হয়।

“গত দুই সপ্তাহ ধরে করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করার পর হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় ডাক্তার ও নার্সদের ফুলের অভিনন্দন পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রোগীরা।”

ডাঙ্গি গ্রামের ওই ব্যক্তি বলেন, “হাসপাতালে আসার পর থেকে অনেক ভয়ে ছিলাম। আমার পরে যখন বাড়ির আরেকজনও করোনাভাইরাসে আক্রান্ত হল তখন ভয় আরও বেড়ে গিয়েছিল।
যখন জ্বর বেড়ে যেতো তখন খুব কষ্ট পেতাম। তবে আল্লাহর রহমতে খারাপ কিছু হয়নি।”

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দুজন আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন।

পুরনো খবর:

গোপালগঞ্জে দম্পতি আক্রান্ত, ৬ বাড়ি অবরুদ্ধ