নওগাঁয় আক্রান্ত ব্যক্তিকে আটক করে বাড়ি পাঠাল পুলিশ
নওগাঁয় করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তিকে বাইরে ঘোরাঘুরি করার সময় আটক করে বাড়ি পাঠিয়েছে পুলিশ।
বুধবার বেলা ১টার দিকে পুলিশ ওই ব্যক্তিকে শহরের লিটন সেতুর ওপর থেকে আটক করা হয় বলে নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান।
৩৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি রানীনগর উজেলার বিল পালশা গ্রামে।
ওসি বলেন, ওই ব্যক্তি গাজীপুর থেকে ফেরায় তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছি। কিন্তু তার বাচ্চার সর্দি-কাশি দেখা দিলে সোমবার তিনি শহরের সেবা ক্লিনিকে তার বাচ্চাকে ভর্তি করেন। এরপর স্ত্রীকে নিয়ে তিনি ওই ক্লিনিকেও ছিলেন। এরপর বুধবার তিনি ব্যাংকে গিয়ে আর্থিক লেনদেন করেন।
“বুধবার বেলা ১১টার দিকে এক ব্যক্তি ফোন করে নওগাঁর সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদকে বিষয়টি জানালে তিনি থানায় জানান। পরে পুলিশ ওই ব্যক্তির ফোন নম্বর ট্রাকিং করে তাকে আটক করে এবং স্ত্রী ও সন্তানসহ তাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠিয়ে দেয়।”
সিভিল সার্জন বলেন, গাজীপুর ফেরত ওই ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট আসে বুধবার। সে সময় তার করোনাভাইরাস শনাক্তের বিষয়টি জানা যায়। তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে নওগাঁ শহরে আছেন বলে বুধবার এক ব্যক্তি ফোন করে আমাদের জানান।
আক্রান্ত ব্যক্তির বাড়ির লোকজনের এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও নমুনা সংগ্রগ করা হবে। তিনি স্বপরিবারে যে ক্লিনিকে ছিলেন সেখানে চিকিৎসক ও সেবিকাসহ ৯/১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।
