ঢাকার ইপিজেডের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি বিদেশি তৈরি পোশাক কারখানার শ্রমিক বকেয়া চার মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। তারা ব্যানার নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
বুধবার ডিইপিজেডের পুরাত জোনে অবস্থিত ইতিলির মালিকানাধীন ‘এ-ওয়ান (বিডি) লিমিটেড’ পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ দেখায়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ১১শ’ শ্রমিক কাজ করে। তাদের ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের জন্য বেপজা কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা শ্রমিকদের সান্তনা দিয়ে ফিরেয়ে দেয়। পরে কোনো উপায় না পেয়ে শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
কারখানাটির সোয়েটার শাখার শ্রমিক সোনিয়া আক্তার জানান, চার মাসের বকেয়া বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শ্রমিকদের।
“মহামারী করোনাভাইরাসের মধ্যে বেতন না পেয়ে টাকার অভাবে না খেয়ে কোনরকম বেঁচে আছি।
“মালিক রয়েছে বিদেশে করোনাভাইরাসের কারণে লোকশানের মুখে প্রতিষ্ঠানটি বেতন-ভাতা পরিশোধ করতে পারবে না বলে কর্তৃপক্ষের দাবি। তাই শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে।”
“বেপজা কর্তৃপক্ষ কারখানা বিক্রি করে বকেয়া পরিষোধের আশ্বাস দিলেও তা সময়ের ব্যাপার। ততদিন শ্রমিকরা কীভাবে বাঁচবে? তাদের তো এখনই টাকা দরকার।”
বিষয়টি নিয়ে বিজিএমইএতেও আলোচনা হচ্ছে বলেন তিনি।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) মহাব্যবস্থাপক আব্দুস সোবাহান সাংবাদিকদের জানান, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা প্ররিশোধের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। খুব শিঘ্রই তাদের পাওনাদি পরিশোধ করা হবে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে জানতে এ-ওয়ান (বিডি) লিমিটেড কারখানার মহাব্যবস্থাপক আলমগীর হোসেন পলাশের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক বলেন, “শ্রমিকরা বিক্ষোভ নিয়ে সড়কে আসলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে।
“বিষয়টি নিয়ে বেপজা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।”
