২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২৫৮ কারখানায় বকেয়ায় অসন্তোষ, রোববার বেতন দেবার আশ্বাস

গাজীপুরে পোশাক কারখানাগুলো বেতন বকেয়া থাকায় করোনাভাইরাসের মধ্যে প্রতিদিনই বিক্ষোভ করছে শ্রমিকরা।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2020, 08:44 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

তাদের এই বিক্ষোভকে পুলিশ ও পোশাক কারখানার মালিক সংগঠনের নেতা যৌক্তিক হিসেবেই দেখছেন। আগামী রোববার এসব কারাখানার বকেয়া মজুরি পরিশোধ শুরু করার সিদ্ধান্ত বিজিএমইএ এবং বিকেএমইএ নিয়ে বলে জানিয়েছেন মালিকপক্ষের এক নেতা।

গাজীপুরে দুই হাজার ৭২ কারখানার মধ্যে ২৫৮ কারখানায়-ই মার্চের বেতন দেয়নি এবং এক হাজার ৮১৪ কারখানায় বেতন দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি মো. সিদ্দিকুর রহমান জানান, বিজিএমইএ-র ৮৩০টির মধ্যে ৪০টি, বিকেএমইএ-র ১৩৮টির মধ্যে ২৭টি, বিটিএমইএ-র ১২২টির মধ্যে ১১টি এবং অন্যান্য ৯৮২টি কারখানার মধ্যে ১৮০টি কারখানায় বেতন বকেয়া রয়েছে।

এদিকে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিজিএমইএ’র ৩০৩টির, বিকেএমইএ’র ৩৭টি, বিটিএমইএ’র ৩৪টি এবং অন্যান্য ৯৮২টি কারখানার মধ্যে ১৮০টি কারখানা খুলেছে।

“সব মিলিয়ে দুই হাজার ৭২টি কারখানার মধ্যে ৫৫৪টি কারখানা চলছে।”

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ সরকার বলেন, “বিভিন্ন অজুহাতে কারখানা মালিকরা শ্রমিক-স্টাফদের বকেয়া বেতন-ভাতা না দেওয়ার কারণে করোনাভাইরাস সংক্রমণ উপেক্ষা করে শ্রমিকরা বিক্ষোভ-আন্দোলন করছে।

“আবার কিছু কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ দেওয়া হয়েছে। সামনে ঈদ এসব কারখানা খোলার দাবিতেও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। তারা তাদের এসব দাবি আদায়ে নানা কর্মসূচি দিচ্ছে।”

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় কয়েকজন শ্রমিক ও স্টাফদের মার্চের বেতন না দিয়ে স্টাইলিশ গার্মেন্ট প্রায় এক মাস আগে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সোমবারও ওই কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার জন্য আন্দোলন করেছে।

তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে, মোটরসাইকেল-বাইসাইকেলে অগ্নিসংযোগ করে। আশপাশের কারখানায় ইট-পাটকেল ছোড়ে। মহাসড়কে যানচলাচল বন্ধ করে দেয়। পরে কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

“তারপরও আমরা শ্রমিক, শ্রমিক নেতৃবৃন্দ ও কারখানা কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিভিন্ন কারখানার শ্রমিক অসন্তোষ থামিয়ে রেখেছি। কিন্তু বকেয়া বেতন-ভাতার দাবি পূরণ না হলে তাদের কত দিন এভাবে বেতনের আশ্বাস দিয়ে থামিয়ে রাখতে পারব বুঝতে পারছি না।”

স্টাইলিশ কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, “আমাদের মার্চের বেতন পাইনি। ওই বেতন না দিয়েই প্রায় এক মাস আগে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। রোজা চলছে, সামনে ঈদ।

“গাজীপুরে করোনার লকডাউন চলার কারণে দিনমজুর স্বামীও বেকার। আমাদের ঘর-ভাড়া, দোকান বাকির জন্য নিত্যই তাগাদা শুনতে হচ্ছে। স্বামী-সন্তান নিয়ে এখন খুবই কষ্টে চলছি।

“আমার মত অনেকেই একই কষ্টে রয়েছে। এমন অবস্থায় তাই করোনার ভয়কে উপেক্ষা করেই আন্দোলনে নামতে হচ্ছে।” 

গাজীপুর মহানগরীর ছয়দানা (হারিকেন) এলাকার বিএইচএমএল সোয়েটার কারখানার শ্রমিকদের মার্চের বেতন বকেয়া। ২৯ এপ্রিল ওই বেতন দেবে বল কথা ছিল।

কারখানার মালিক রাজিউল হাসান বলেন, “প্রণোদনার টাকা ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের কাছে পৌঁছে যাবে। কিন্তু কিছু প্রক্রিয়াগত কারণে তা বিলম্ব হচ্ছে।

নিয়মিতই বেতন পরিশোধ করে এসছেন জানিয়ে তিনি বলেন, “এই করোনা সংকটে পড়ে বেতন বকেয়া পড়ে গেছে।” 

বাংলাদেশ এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানান, বকেয়া বেতন-ভাতার জন্যই মূলত শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিক্ষোভ করছে। শ্রমিক ভাই-বোনেরা কষ্টে আছে।

“তাদের বেতন দিয়ে সংসার খরচ, বাড়ি ভাড়া, দোকান বাকি পরিশোধ করতে হয়। এখন তাদের হাতে টাকা নাই। তাই তারা রাস্তায় নেমেছে।

“করোনার কারণে অনেকেরই রপ্তানির অর্ডার আটকে গেছে। বিশেষ করে ছোট কারখনাগুলো খুবই দুর্দিনের মধ্যে আছে, অর্থ সংকটে পড়েছে। তাই তাদের শ্রমিকদের বেতন আটকে গেছে। আমাদের বিজিএমইএ এবং বিকেএমইএ নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিয়েছেন আগামী রোববার থেকে তারা কারখানাগুলোর বকেয়া বেতন ভাতা পরিশোধ করবে।”

এরপর আর পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ থাকবে না মনে করছেন তিনি।

তবে তাদের মালিক সমিতির সদস্য নয় এমন কারখানাগুলোর দায়িত্ব সরকারকে নিতে হবে বললেন তিনি।