করোনাভাইরাস: নারায়ণগঞ্জে মৃত্যুর পর গাইবান্ধায় দাফন
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জে মারা যাওয়া একজনকে গাইবান্ধায় পুলিশের তত্ত্বাবধানে দাফন করা হয়েছে।
নারায়ণগঞ্জে গত সোমবার মারা যান আবু বক্কর (৫৫) নামের নারায়ণগঞ্জের এক স্টিলমিলের কর্মী। সে রাতেই গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে তার দাফন করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রুবেল জানান, এর আগে সন্ধ্যায় উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে তার লাশ পৌঁছালে তার নেতৃত্বে মেডিকেল টিম ওই মৃত ও তার সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করেন।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, পরে তার নেতৃত্বে পুলিশের একটি টিম ওই রাতেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার জানাজা ও লাশ দাফন সম্পন্ন করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান জানান, আবু বক্কর নারায়ণগঞ্জের ফতুল্যায় এক স্টিল মিলে কাজ করতেন। সেখানে তিনি দিন ১৫ আগে সর্দি-জ্বরে আক্রান্ত হন। ফতুল্যায় ভাড়া বাড়িতেই গত সোমবার সকালে মারা যান তিনি।
তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে মৃতের সংস্পর্শে আসা তার পরিবারের লোকজন ও স্বজনদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
