কোভিড-১৯: ‘আমরা তাকে শাস্তি দেব না, সেবা দেব’
ঢাকার সাভারে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এক রোগী পালিয়ে গেছেন; যাকে খুঁজে বের করতে সহায়তা চেয়ে ফেইসবুকে স্টেটাস দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।
সোমবার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ওই রোগীর সন্ধান দিতে তার ফেইসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন।
ওই স্ট্যাটাসের সাথে ওই রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টটিও প্রকাশ করেছেন তিনি।
শনাক্ত ওই রোগী সাভার সদর ইউনিয়নের চাঁপাইন মহল্লার ৩২ বছর বয়সী এক বাসিন্দা। যার নমুনা বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) গত রোববার পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার রোগ ধরা পড়ে।
একটি অ্যাম্বুলেন্স নিয়ে মেডিকেল টিম তাকে খুঁজতে গিয়ে না পেয়ে ফেরত আসেন। শনাক্তের খবর পাওয়ার পর রাতেই রোগীটি পালিয়ে যান বলে খবর আছে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা আরো লেখেন, “যার পজেটিভ তাকে আমরা খুঁজে পাচ্ছি না, পুলিশ এলাকা লকডাউন করে রেখেছে, প্লিজ তাকে ধরিয়ে দিন।
“আমরা তাকে শাস্তি দেব না, সেবা দেব।”
এ প্রসঙ্গে আরও জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
