কোভিড-১৯: সুনামগঞ্জে দুজন সুস্থ হয়ে ফিরলেন
সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত এক নারী ও এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সোমবার তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় বলে সিভিল সার্জন ডা. মো. শাসমস উদ্দিন জানান।
তিনি বলেন, গত ১২ এপ্রিল প্রথম সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলায় এক নারীর শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর ১৬ এপ্রিল ঢাকা থেকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পালিয়ে আসা এক যুবককে স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভতি করা হয়। এ দুইজনসহ সুনামগঞ্জে মোট ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিল।
“তিন দফা নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় প্রথম আক্রান্ত নারী ও ঢাকা থেকে পালিয়ে আসা যুবককে সোমবার ছাড়পত্র দেয় জেলা স্বাস্থ্য বিভাগ।”
বিশ্বম্ভরপুর উপজেলার ওই যুবক বলেন,“মনের মধ্যে ভীতি কাজ করায় আমি পালিয়ে আসি।কিন্তু ডাক্তাররা আমাকে ঠিকই খুঁজে বের করেন।আমি এখন সুস্থ।আমার মত ভুল কেউ করবেন না। করোনাভাইরাসে আক্রান্ত হলে অবশ্যই হাসপাতালে চিকিৎসা নিতে হবে।”
সিভিল সার্জন বলেন, “সুনামগঞ্জের জন্য আজকে একটি খুশির খবর যে, করোনাভাইরাসে আক্রান্তদের দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।তারপরেও আমরা তাদের পর্যবেক্ষণ করব। করোনাভাইরাস নিয়ে ভয় না পেয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
আক্রান্ত বাকিরাও সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।
