বাগেরহাটে ধান কাটা কেবল শুরু
করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কায় শ্রমিক সংকটের মধ্যে বাগেরহাটে উৎপাদিত প্রায় ৫৩ হাজার হেক্টর জমির বোরো ধান গত ১৬ দিনে মাত্র সাত শতাংশ কাটা হয়েছে।
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঠে পেকে যাওয়া ধান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। প্রশাসনের সহায়তায় বিশেষ উদ্যোগে বিভিন্ন এলাকা থেকে কৃষিশ্রমিক পাঠানো হলেও শ্রমিকের অভাব মিটছে না।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রঘুনাথ কর বলেন, “ধান কেটে ঘরে তোলা আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ জেলায় চলতি মৌসুমে ৫২ হাজার ৯৩০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর ৮০ ভাগই হাইব্রিড। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ১১০ মেট্রিকটন।
”ধান কাটার কাজে বিভিন্ন উপজেলা থেকে মোট ২৩৩৫ জন শ্রমিকের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে। গত ১০ এপ্রিল থেকে এই জেলায় ধান কাটা শুরু হয়। ২৫ এপ্রিল থেকে এই ধান পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। গত ১৬ দিনে এ জেলায় মাঠ থেকে মোট সাত শতাংশ ধান কেটে ঘরে তোলা সম্ভব হয়েছে।”
ধান কাটার কাজে শ্রমিক ছাড়াও আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, চারটি কম্বাইন্ড হারভেস্টার, ৫৪টি হ্যান্ডরিপার, ১৪৫২টি প্যাডেল প্রেশার ব্যবহার করা হচ্ছে।
রঘুনাথ বলেন, গত চার দিনে এ জেলায় ১৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে কিছু ধানের জমি জলমগ্ন হয়েছে। তবে জল সরিয়ে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি হলে পাকা ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে।
“যেসব জমির ধান বেশি পেকেছে তা আগে কাটার চেষ্টা করছি। মে মাসের মধ্যে ৬০ থেকে ৭০ ভাগ ধান কাটা শেষ হবে। বড় ধরনের দুর্যোগ না হলে জুন মাসের প্রথম সপ্তাহে এ জেলার শতভাগ ধান কেটে ঘরে তোলা সম্ভব হবে।”
এ জেলায় এখনও ৩০ শতাংশ ধান কাঁচা রয়েছে বলে তিনি জানান।
বাগেরহাটে জেলা ছাত্রলীগ, যুবলীগ ও সিপিবি কর্মীরাও কৃষকের ধান কেটে দিচ্ছেন।
