২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরফেরত যুবক কোভিড-১৯ আক্রান্ত ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গাজীপুর থেকে আসা এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আট জন আক্রান্ত হলো।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 01:08 AM

Updated : 18 Aug 2022, 02:56 PM

রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ২৭ বছর বয়সী এই যুবকের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীর ঠুমনিয়া গ্রামে। তিনি গাজিপুরের কাশিমপুরে একটি গার্মেন্টসে কাজ করেন।

সিভিল সার্জন কার্যালয় জানায়, এর আগে ঠাকুরগাঁও সদরে একজন, হরিপুর উপজেলায় তিন জন, রাণীশংকৈল উপজেলায় দুই জন ও পীরগঞ্জ উপজেলায় একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়। এরমধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই সপ্তাহ আগে গাজীপুর থেকে ওই যুবক ঠাকুরগাঁওয়ের লাহিড়ী ঠুমনিয়া গ্রামের নিজ বাড়িতে আসেন। খবর পেয়ে ২০ এপ্রিল তার বাড়ি গিয়ে ওই যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যুবকের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়।”

তিনি বলেন, এই যুবকের সংস্পর্শে কারা এসেছিল সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হবে এবং করোনাভাইরাসে আক্রান্ত যুবককে ওই উপজেলার আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হবে।

সিভিল সার্জন বলেন, জেলায় ৫১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য রংপুর পাঠানো হয়েছে। এর মধ্যে ৩২৫ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে।