২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাইরের জেলার শ্রমিক কাটছে নওগাঁর ধান

করোনাভাইরাসের মহামারীতে অবরুদ্ধ অবস্থার মধ্যে নওগাঁয় ধান কাটতে অন্য জেলা থেকে শ্রমিক আনার ব্যবস্থা করেছে প্রশাসন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 12:26 AM

Updated : 10 Oct 2022, 07:08 PM

ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, পাবনা ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলা থেকে প্রায় সাত হাজার শ্রমিক নওগাঁ আনা হয়েছে বলে পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে।

তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হারুনুর রশিদ।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলা বলেন, জেলায় এ বছর ১ লাখ ৮৩ হাজার হেক্টর জমিতে ইরি বোরো চাষ করা হয়েছে। এতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ১১ লাখ মেট্রিক টন। এসব ধান কাটা মাড়াইয়ে প্রয়োজন হবে প্রায় ৭০ হাজার শ্রমিক।

“আমরা স্থানীয় শ্রমিকদের ধান কাটার জন্য উৎসাহিত করছি। তাছাড়া মেশিন দিয়েও ধান কাটা হচ্ছে।”

নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ বলেন, রোববার পর্যন্ত জেলায় বিভিন্ন জেলা থেকে ৬ হাজার ৯৫০ জন শ্রমিক এসছেন। এছাড়া আরও শ্রমিক নিয়ে আসতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে মেশিন দিয়ে ধান কাটা শুরু হয়েছে।

“আশা করছি জেলায় ধান কাটা মাড়াইয়ে কোনো সমস্যা হবে না। খুব দ্রুতই বাইরের জেলা থেকে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক নিয়ে আসা হবে।”

নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, “যারা বাইরে থেকে ধান কাটতে আসছেন তাদের জ্বরসহ স্বাস্থ্যের পরীক্ষা নিয়ে আমরা তাদের সামাজিক দূরত্বের বিষয়ে অবহিত করছি। এছাড়া তাদের থাকার জন্য আলাদা জায়গা এবং খাবাবেরর ব্যবস্থা নিয়েই বিভিন্ন উপজেলায় ধান কাটতে পাঠানো হচ্ছে।”

জেলায় ধান কাটা ও মাড়াইয়ে কোনো সমস্যা হবে না বলেও জানান পুলিশ সুপার।

ধান কাটছেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা

এদিকে নওগাঁয় কৃষকের পাকা ইরি বোরো ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছেন জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রোববার সকালে তারা নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের মাদারমোল্লা গ্রামের কৃষক শরিফুল ইসলামের এক বিঘা জমির বোরো ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন।

একইদিন সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃষক খোরশেদ আলমের এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের একদল নেতাকর্মী।

জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, “জেলার ৯৯ ইউনিয়নে যেখানে কৃষক ধান কাটতে সহযোগিতা চাইবে সেখানেই আমরা সহযোগিতা করব।”

জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, “মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। যেসব দরিদ্র কৃষক জমির ধান কাটতে পারছে না তাদের আমারা জমির ধান কাটাসহ বাড়িতে পৌঁছানোর কাজে সার্বিক সহযোগিতা করছি। আগামীতে কেহ সহায়তা চাইলে আমরা ওই কৃষকের পাশে দাঁড়াব।”