ফরিদপুরে নিখোঁজের পরদিন নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ফরিদপুরে পদ্মানদীতে নিখোঁজের পরদিন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট সংলগ্ন পদ্মানদীতে ভাসমান অবস্থা তার মরদেহটি উদ্ধার করা হয়। আগের রাত ৮টার দিকে তিন বন্ধুর সাথে নৌকায় পদ্মানদীতে যাওয়ার পর নিখোঁজ হন তিনি।
নিহত জহুরুল খান (৩০) উপজেলার বিএস ডাঙ্গি গ্রামের ইউসুফ খান এর ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে এক মেয়ের বাবা।
এদিকে এ ঘটনায় জহুরুলের স্ত্রী চরভদ্রাসন থানায় অভিযোগ দায়ের করেছেন।
ফরিদপুর সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, নিখোঁজের পর থেকেই জহুরুলকে উদ্ধারে তৎপর ছিল পুলিশ।
“ঘটনার পর থেকেই জহুরুলের সাথে থাকা অপর তিনজন পলাতক থাকায় বিষয়টি সন্দেহের চোখে দেখছি আমরা। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।”
এটি পরিকল্পিত হত্যা না কি দুর্ঘটনা তা অল্প সময়ের মধ্যেই উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে একই গ্রামের হারুণ মোল্লার ছেলে শাহীন মোল্লা, তোতা বেপারির ছেলে রুবেল বেপারি ও কাওছার মন্ডল এর সাথে জহুরুল একটি নৌকায় পদ্মা নদীতে যায়। কিছুদূর গিয়ে নৌকাটি ডুবে গেলে নদীতে থাকা জেলেরা এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে খোঁজাখুঁজি করে জহুরুলের সন্ধান না পেয়ে ফেরত আসেন তারা।
রোববার সন্ধ্যায় জহুরুলের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।
