২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে চিকিৎসকের আরও এক সহকারীসহ দুইজন আক্রান্ত

ঢাকার দোহারে এক ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের আরও এক সহকারীসহ দুইব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন; এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 11:15 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, “গণস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে রোববার ওই দুইজন আক্রান্তের বিষয়টি আমাদের নিশ্চিত করা হয়েছে।”

আক্রান্তদের মধ্যে উপজেলার মেঘুলা এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে দুপুরে চিকিৎসার জন্য রাজধানীর মিরপুর রিজেন্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ৩৫ বছর বয়সী অপরজনকে তার বাড়িতে আইসলোশেনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডা. জসিম।

আক্রান্ত ওই যুবকের বাড়ি যশোর জেলায়। তিনি দোহার উপজেলার জয়পাড়া কিছুক্ষণ সিনেমা হল রোডে বাসা ভাড়া নিয়ে থেকে জয়পাড়া সমাধান ডায়াগনস্টিক সেন্টারে এক চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, ওই দুইজনের শরীরে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

“রোববার তাদের সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।”

প্রথম রোগী শনাক্তের পরই ওই ডায়াগনিস্টিক সেন্টারটির র্কাযক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।

এছাড়াও ইতোমধ্যে আক্রান্তদের স্বজনদেরসহ আশেপাশের পরিবারগুলোকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও আক্রান্তদের এলাকা দুইটি সম্পূর্ণ অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

আক্রান্ত এই দুইজন নিয়ে এ উপজেলায় এ পর্যন্ত মোট চারজন আক্রান্ত হল।