২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর হাসপাতাল ফেরত বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত

রাজশাহীতে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 10:07 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে পরীক্ষার পর ৮৪ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার জানানো হয়েছে। এ নিয়ে রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী বেড়ে নয়জনে দাঁড়িয়েছে।

করোনায় আক্রান্ত বৃদ্ধ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার বাড়ি উপজেলার জাহানাবাদ ইউনিয়নের নওনগর গ্রামে। তবে তার আক্রান্তের উৎস পাওয়া যায়নি।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান জানান, তাদের ল্যাবে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব। তবে রোববার ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

“এর মধ্যে একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে।”

আক্রান্তের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি  দির্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে কাশি ও বুকের ব্যথায় ভুগছিলেন। গত ১৯ এপ্রিল সন্ধ্যায় তার শরীর খারাপ করলে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকরা তাকে ৩৯ নং ওয়ার্ডে (করোনা পর্যবেক্ষণ ওয়ার্ড) ভর্তি করে। এরপর তার এক্স-রে ও ইসিজি করার পর শারীরিক অবস্থা ভালো জানিয়ে তাকে গত ২১ এপ্রিল দুপুরে  হাসপাতাল থেকে ছেড়ে দেয়। এরপর তাকে বাড়ি নিয়ে যান বলে জানায় তার পরিবারের লোকজন।

এরপর জ্বর ও শ্বাসকষ্টসহ তার শারীরিক অবস্থা খারাপ হলে গত ২৫ এপ্রিল পরিবারের লোকজন তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে বাড়ি পাঠিয়ে দেন। ২৬ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে। 

মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল কবির বলেন, “চিকিৎসকের নির্দেশনা অনুয়ায়ী করোনায় আক্রান্ত ওই রোগিকে বাড়িতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে।

“স্থানীয় প্রশাসন আক্রান্তসহ আশাপাশের বাড়ি লকডাউন করেছে। তবে তিনি কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি।”

তিনি ঢাকা-নারায়ণগঞ্জ বা বিদেশফেরত কারো সংস্পর্শে যাননি বলেও জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

রাজশাহীতে গত ১২ এপ্রিল সরকারিভাবে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর গত ২০ এপ্রিল পর্যন্ত আটজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ।

আক্রান্তদের মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচজন, বাগমারায় একজন, মোহনপুর একজন ও বাঘা উপজেলায় একজন। এদের মধ্যে রোববার সকালে বাঘার এক বৃদ্ধ মারা যান।

আক্রান্তদের সাতজনই ঢাকা-নারায়ণগঞ্জ ও গাজিপুর থেকে এসেছেন। তারা বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।