জমির বিরোধে বরিশালে হামলায় ২ জন নিহত
জমি সংক্রান্ত বিরোধের জেরে বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ও রোববার এই দুই হত্যকাণ্ড হয় বলে বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনি গ্রামের আপাং তালুকদার (৪০) ও মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার পশ্চিম রতনপুর গ্রামের সৌরভ খাঁ (১৬)।
নিহত আপাং তালুকদারের বড় বোন কাজল বেগম বলেন, জমিজমা নিয়ে সৎ মামাদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলে আসছে দীর্ঘ দিন ধরে। সৎ মামাদের বাড়ির পাশেই আপাং তালুকদারের বাড়ি।
তিনি বলেন, রোববার সকাল ৯টার দিকে বাজারে যাওয়ার সময় আপাং তালুকদারকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যান তার এক সৎ মামাসহ ৭/৮ জন।
“এরপর শাবল দিয়ে কুপিয়ে তার মাথা ও দুই পায়ে গুরুতর জখম করেন। আপাং তালুকদারের ডাক চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এদিকে, মৃত সৌরভ খাঁর বাবা মনির খাঁ বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জেরে পূর্ব পরিকল্পিতভাবে তার ছেলের উপর হামলা চালায় প্রতিপক্ষরা।
তিনি বলেন, শুক্রবার সকালে গরু নিয়ে মাঠে গেলে সৌরভকে পিটিয়ে আহত করে তারা। তাকে প্রথমে পাশের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
“কিন্তু লকডাউনের কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় সৌরভকে বাড়িতে নিয়ে যাই। রোববার ভোর রাতে তার মৃত্যু হয়।”
পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, মেহেন্দিগঞ্জের ঘটনায় শনিবারই কাজিরহাট থানায় মামলা হয়েছে। তবে ঘটনার পরপরই গা ঢাকা নিয়েছে আসামিরা। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া বাকেরগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনায়ও কাজ করছে পুলিশ।
