২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে প্রথম এক চিকিৎসকের কোভিড-১৯ শনাক্ত

কক্সবাজারে প্রথমবারের মতো একজন চিকিৎসকের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে; এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ১৪।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 03:47 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

নমুনার পরীক্ষার রোববারের ফলাফলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসকের করোনাভাইরাস পজিটিভ বলে কক্সবাজারের সিভিল সার্জন মাহবুবর রহমান জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে সন্দেহভাজন ৭১ জনের সংগৃহীত নমুনা পরীক্ষার রোববারের ফলাফলে একজন চিকিৎসকের পজিটিভ এবং ৭০ জনের নেগেটিভ এসেছে।

“এই ৭১ জনের মধ্যে জেলার আট উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প এবং পার্শ্ববর্তী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার কয়েকজন বাসিন্দা রয়েছেন।”

সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হওয়াদের মধ্যে কক্সসবাজার শহরের দুই জন, মহেশখালীর আট জন এবং টেকনাফের এক চিকিৎসকসহ চার জন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া, ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে তাবলিগ ফেরত রয়েছেন বলে জানান মাহবুবর রহমান জানান।

সিভিল সার্জন বলেন, কক্সবাজার জেলায় আক্রান্ত ১৪ জন হলেও কক্সবাজার মেডিকেল ল্যাবে ১৫ জন শনাক্ত হয়েছেন। আরেকজনের বাড়ি হলো বান্দরবান।

“বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার ওই বাসিন্দাও নারায়ণগঞ্জ থেকে তাবলীগ জামাত ফেরত।”

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ২৫ দিনে কলেজের ল্যাবে মোট ৮০৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।