২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের ১০৪ ধানকাটা শ্রমিক নোয়াখালীতে

সরকারি ব্যবস্থাপনায় নোয়াখালীর চাটখিল উপজেলায় বোরো ধান কাটতে ১০৪ জন শ্রমিক আনা হয়েছে রংপুর থেকে।

নোয়াখালী প্রতিনিধি

আবু নাছের মঞ্জু,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 12:13 AM

Updated : 10 Oct 2022, 07:08 PM

জেলা প্রশাসন জানায়, রংপুরের কাউনিয়া উপজেলা থেকে শুক্রবার রাতে ৫২ জন ও শনিবার রাতে আরও ৫২ জন শ্রমিক এসে নোয়াখালী পৌঁছেছে।

নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস জানান, বিআরটিসির বড় বাসে করে দুই ধাপে ১০৪ জন শ্রমিককে পাঠানোর ব্যবস্থা করেছেন  রংপুরের জেলা প্রশাসক। 

একই সঙ্গে জেলার বেগমগঞ্জ উপজেলায় ধানকাটা শ্রমিকের সংকট মেটাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

“সেখানে (বেগমগঞ্জ) ধান কাটায় অভিজ্ঞতাসম্পন্ন কর্মহীন লোকদেরকে খুঁজে বের করে এ কাজে নিয়োজিত করা হচ্ছে।

সরকারি বিভিন্ন প্রণোদনার জন্য প্রস্তুতকৃত তালিকা দেখে ইতিমধ্যে অনেককে এ কাজে নিয়োজিত করা হয়েছে।”

জেলা প্রশাসক আরও জানান, জেলায় আবাদকৃত বোরো ধান পুরোটা কৃষকের ঘরে তুলতে মে মাস লেগে যেতে পারে। তবে এ ব্যাপারে কৃষকদেরকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, নোয়াখালীতে এবার ৬৫ হাজার ৬৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। ইতোমধ্যে প্রায় ২০ ভাগ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকি ধান কাটার জন্য বাইরে থেকে বেগমগঞ্জ উপজেলায় তিন হাজার এবং চাটখিল উপজেলায় দেড় হাজার শ্রমিক আনার বিষয়ে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এদিকে, নোয়াখালী সদর, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

শুক্রবার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কৃষক জাফর, কামাল, আলাউদ্দিন ও আব্দুল মতিনের পাঁচ একর জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

উপজেলা ছাত্রলীগ আহবায়ক আমির খসরু মাহমুদ বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বেচ্ছাশ্রমে আমাদের ধানকাটা কার্যক্রম চলমান থাকবে।”

গত শুক্রবার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের কৃষক বাবুল মিয়ার এক একর জমির ধান কেটে দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১২ জন নেতাকর্মী।

এরআগে গত বৃহস্পতিবার উপজেলার কাদির হানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের কৃষক সাহাব উদ্দিনের ২৪ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন এই সংগঠনের সাত জন নেতাকর্মী।