যশোরে আইসোলেশনে থাকা ২ জনের মৃত্যু
যশোরে জ্বর ও কাশি নিয়ে এক পুরুষ ও এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ও ভোরে তাদের মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
তাদের নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের ২৪ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছেলেন। রাতেই তার মৃত্যু হয়।
আরিফ আহমেদ আরও বলেন, চৌগাছা উপজেলার জামিরা গ্রামের বাসিন্দা ৬০ বছর বয়সী এক ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় হাসপাতালে ভর্তি হন। ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
“করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাদের দুজনকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে। তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা রিপোর্ট হাতে আসার পরে নিশ্চিত হওয়া যাবে।”
তিনি জানান, তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা আরও ৫ জনকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
