নীলফামারীতে ঝড়ে ভেঙেছে ঘরবাড়ি-গাছপালা
নীলফামারীর ডোমার উপজেলার ছয়টি ইউনিয়নে কালবেশাখি ঝড়ে বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ভেঙে গেছে।
বৃহস্পতিবার গভীর রাতের এই ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নে আঘাত হেনেছে ঝড় ও শিলাবৃষ্টি। এতে বিক্ষিপ্তবাবে কিছু ঘরবাড়ি ও গাছ পালা ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।
এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে প্রবল বেগে ঝড়ের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। এ সময় অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে ও হেলে পড়েছে। গাছের ডাল ভেঙে পড়েছে বাড়ির উপর।
পাঙ্গামটুকপুর ইউনিয়নের দক্ষিণ মটুকপুর গ্রামের সাজ্জাদুল হোসেন (৪০) বলেন, “রাতের ওই ঝড় এবং শিলাবৃষ্টিতে গ্রামের বেশিরভাগ পরিবারের বাড়িঘরের ক্ষতি হয়েছে। গ্রামের অসংখ্য গাছপালা ভেঙে গেছে ও উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান ক্ষেত।
পাঙ্গামটুকপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদার রহমান বলেন, “ঝড় ও শিলাবৃষ্টিতে ইউনিয়নের দেড় সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি আংশিক ক্ষতি হয়েছে। অনেকের কাঁচা ঘরবাড়ি ভেঙেও পড়েছে।”
ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান বলেন, “শিলাবৃষ্টিতে বোরো ধান ও ভুট্টার তেমন ক্ষতি না হলেও কালবৈশাখি ঝড়ে বোরো ধানের আংশিক ক্ষতি হয়েছে। আমরা ছয় ইউনিয়নের সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে নিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছি। নিরূপনের কাজ শেষে ক্ষেত্রের বোরো ধানের কী ক্ষতি হয়েছে বলা সম্ভব হবে।”
ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “ডোমার উপজেলার সদর ইউনিয়ন, সোনারায়, পাঙ্গামটুকপুর, গোমনাতি, হরিণচড়া ও বোড়াগাড়ি ইউনিয়নে ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে কিছু গাছপালা ভেঙে গেছে ও উপড়ে পড়েছে। কিছু ঘরবাড়ি ভেঙেছে, পুরাতন টিনের চালা কিছু শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছি।”
