কক্সবাজারে আরো শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৩
কক্সবাজারে একদিনে সাতজনের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
এদের মধ্যে মহেশখালীতে পাঁচজন, কক্সবাজার শহর ও টেকনাফে একজন করে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবর রহমান জানিয়েছেন, শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১০১ জনের সংগৃহিত নমুনা পরীক্ষার ফলাফলে সাত জনের পজেটিভ ফলাফল এসেছে।
মাহবুবর রহমাব বলেন, “নতুন করে আক্রান্ত এ রোগীদের মধ্যে একজন কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা। তিনি গত ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এসে বাড়িতে অবস্থান করছিলেন।
এছাড়া শনাক্ত আরেকজন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা। তিনি গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে টেকনাফের বাড়ি ফেরেন।
অন্যদিকে শনাক্ত পাঁচজনের বাড়ি মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায়। তারা সম্প্রতি ঢাকা ও নায়ারণগঞ্জ থেকে এসে মহেশখালী ফেরেন।
শুক্রবার নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া এ সাতজন রোগীকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন।
এর আগে বৃহস্পতিবার পর্যন্ত কক্সবাজারে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ছয় জন। তারা সবাইও ছিলেন ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত। এদের মধ্যে কয়েকজন নারায়ণগঞ্জ থেকে তাবলীগ জামাত ফেরত।
কক্সবাজারে আক্রান্ত শনাক্ত হওয়াদের মধ্যে কক্সসবাজার শহরের দুইজন, মহেশখালীর আটজন এবং টেকনাফের তিনজন বাসিন্দা রয়েছেন।
এছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ১৫ এপ্রিল আরো একজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হন। তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার বাসিন্দা। তিনিও নারায়ণগঞ্জ থেকে তাবলীগ জামাত করে ফেরত আসেন।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, গত ২৩ দিনে কলেজের ল্যাবে এ পর্যন্ত মোট ৭১৫ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।
এ পর্যন্ত কক্সবাজার জেলার ১৩ জনসহ মোট ১৪ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানান তিনি।
