ফরিদপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে মারা গেছেন দুই কৃষক।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গার শেষ মাথা ও পাশের মাথাভাঙ্গা চরে এ ঘটনা ঘটে।
মাথাভাঙ্গার শেষ মাথায় মারা যান জয়নাল মোল্লা (৩৯) পাশের সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের রেহাই রামনগর গ্রামের কোকারাম সরকারের কান্দি মহল্লার বাসিন্দা খালেক মোল্লার ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
অপরদিকে মাতাভাঙ্গার চরে নিহত হন হাশেম মোল্লা (৬১)চরভদ্রাসন সদর ইউনিয়নের সবুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের তনু মোল্লার ছেলে। তার চার মেয়ের রয়েছে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, “ওই দুই কৃষকই গরু চরাতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।”
তিনি জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ওই দুই পরিবারের সদস্যদের ২০ হাজার করে ৪০ হাজার টাকা তুলে দিয়েছেন।
